ভোলাগঞ্জের বালি, নির্মাণ শিল্পের সেরা উপাদান : নজরুল ইসলাম টিপু
ভোলাগঞ্জের বালি, নির্মাণ শিল্পের সেরা উপাদান : নজরুল ইসলাম টিপু
শুরুতে হয়ত ভাববেন বালি নিয়েও কি লিখতে হয় নাকি? এই ধুলো-বালির জ্বালায় দেশের কোথাও দাঁড়াবার স্থান নেই! ঘরে মাল-পত্র নোংরা থেকে বাঁচানোর উপায় নেই। তাদের জন্যে একবাক্যে বলি; আসলে বালিও একটি দামী সম্পদ! যদি সেটাকে কাজে লাগানোর মত দক্ষ জনশক্তি ও সুদক্ষ কারিগরি জ্ঞান থাকে। নচেৎ এমন জাতির জন্যে জ্বালানী তৈলও পরিত্যক্ত সম্পদ হিসেবে চিহ্নিত হয়।
১. ভিটি বালি (Fm = 0.5), এই বালি শুধু ভিটে-জমি ভরাট করার কাজে ব্যবহৃত হয়। আমাদের দেশের সর্বত্রই এই বালির আধিক্য।
২. সরু বালি (Fm = 1.05), এই বালি প্লাস্টারের কাজে ব্যবহৃত হয়।
৩. মধ্যম মোটা বালি (Fm = 1.50), ইটের গাঁথুনির মর্টারের কাজে ব্যবহৃত হয়।
৪. মোটা বালি (Fm = 2.00), কনক্রিটের ঢালাইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
৫. সিলেট বালি (Fm = 2.50), কনক্রিট মজবুতের জন্যে সেরা বালি।
এখানকার বালি সেরা সেটা ভোলাগঞ্জে যাবার আগে জানতাম না। তবে শীতকালের এই সময়ে দেশীয় রাস্তায় সর্বত্রই বালি উড়তে দেখেছিলাম। কিন্তু ভোলাগঞ্জে ভারী যানবাহন চলার পরও তেমন একটা বালি উড়তে দেখিনি।
কৌতূহলী হয়ে মানুষের পায়ের তলা ও চলাচলের রাস্তা থেকে মাইক্রো ল্যান্সে কিছু ডিটেইল ছবি তুলেছিলাম। অতঃপর দেখি, মানুষের পায়ের তলায় সদা পিষ্ট হওয়া বালি গুলো যেন বালি নয়। সেগুলোও অতি সূক্ষ্ম ক্ষুদ্র পাথর টুকরা। অতি ক্ষুদ্র বলেই সেগুলোকে আমরা বালি বলে দিচ্ছি।
ভোলাগঞ্জের মাটি এ ধরনের বালি দিয়েই তৈরি। কেননা এসব বালি তো সেই পাথর ভেঙ্গেই সৃষ্টি হয়েছে। নির্মাণ শিল্পে এখানকার মাটি বালির খুবই চাহিদা। গ্রাম্য বাজারে সারি বদ্ধ-ভাবে কৃষকেরা যেভাবে নিজের ক্ষেতের ফসল সাজিয়ে বিক্রি করে। একদা এখানেও সেভাবে মেহনতি মানুষেরা বড় পাথর থেকে শুরু করে ছোট পাথর পর্যন্ত সংগ্রহ করে, নদীর ধারে বসে বিক্রি করত। মানুষ নৌকায় করে এসে তা কিনে নিয়ে অন্য গঞ্জে বিক্রি করে দিত।
Comments
Post a Comment